রাজধানীর হাজারীবাগে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার এক দিন পর এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত শ্যামল চন্দ্র বর্মণ (৩৩) পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
পরিবারের দাবি, পারিবারিক কলহের কারণে হতাশাগ্রস্ত হয়ে গায়ে আগুন দিয়েছিলেন শ্যামল চন্দ্র বর্মণ।
মৃতের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ থেকে হতাশাগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন শ্যামল।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে বউবাজার এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।
আরও পড়ুন: ছয় দফা দাবিতে কমলাপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
হাজারীবাগ উপ-পরিদর্শক (এসআই) শেখ সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। রোববার তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।
একাত্তর/এসজে