একটানা বৃষ্টিতে রাজধানীর জনজীবনে দুর্ভোগ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার থেকে যে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছিলো, সেটি সোমবার ভোর থেকে পরিণত হয়েছে মাঝারি থেকে ভারি ও অতি ভারি বর্ষণ। ভোর থেকে রাজধানীর আকাশ ছেয়ে কালো মেঘে। সূর্যের দেখা মেলেনি। একটানা চলছে বর্ষণ। কখনো হালকা কখনো ভারি।

বৃষ্টির এই ধারা সোমবার সারাদিন থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেই ঢাকায় এমন বৃষ্টি হচ্ছে। ঢাকা ছাড়াও দেশের অনেক স্থানে এমন বৃষ্টির খবর এসেছে। এই বৃষ্টি জনজীবনে নিয়ে নিয়ে নানা দুর্ভোগ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সোমবার সারা দিনই বৃষ্টি হবে। ঢাকার আশপাশের এলাকাগুলোতেও বৃষ্টি হবে। বৃষ্টি মঙ্গলবারও হতে পারে। বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে। কিছু কিছু জায়গা বৃষ্টিহীনও থাকতে পারে সেদিন। দিন ও রাতের তাপমাত্রা কমে আসবে। 

বৃষ্টির কারণে দ্বিতীয় কর্মদিবসে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। অফিস সূচির পরিবর্তন হওয়ায় এখন সাতটার দিকেও অফিসের পথ ধরার কারণে সাতসকালে বিড়ম্বনায় পড়তে হয় মানুষকে। হেমন্তের সকালে বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বাতাসও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাত থেকে বৃষ্টি ঝরায় বেশিরভাগ মানুষই ছাতা মাথায় বেরিয়েছেন। আবার অনেকে রেইনকোট গায়ে জড়িয়ে রাজধানীর পথে বেরিয়েছেন। তবে, সড়কের কাদা পানিতে শরীরের নিচের অংশে কাঁদা জমে গেছে। নগরীতে রিকশা চলাচলও কমে গেছে, গণপরিবহনও স্বাভাবিক নয়। 


যানবাহনের এমন সংকটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ, পথচারী ও অফিসগামীরা। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। পথের যাত্রীরা বলছে, রিকশা ও সিএনজি দ্বিগুণের বেশি ভাড়া দাবি করছে। অফিস আছে, কিছুই করার নেই।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানবে সন্ধ্যায়

গত ২৪ ঘণ্টায় ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে উল্লেখ করে সোমবার সকাল ৯টার দিকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত দেশে সবচেয়ে বৃষ্টি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়ায়, ৭১ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।


একাত্তর/এসি