নোয়াখালীর চাটখিলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বিরুদ্ধে দুই বোনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ, এসময় মারধর করা হয়েছে বৃদ্ধ বাবা-মা’ও।
রোববার (৩০ মে) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলুশ্রী গ্রামের এ ঘটনা ঘটে।
ঘটনার দিন বিকেলে বাবা সাহাজ উদ্দিন (৬০) ছেলে কামাল হোসেন (২৮) ও তার ছেলের বউ পূর্ণিমা আক্তারকে (২৩) অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
আহতরা হলেন, সাহাজ উদ্দিনের মেয়ে পাখি আক্তার (২৬) ,তানিয়া আক্তার (২৪)।
ভুক্তভোগী পরিবার জানায়, পাখি আক্তারের সৌদি প্রবাসী সাবেক স্বামী সাইফুল ইসলাম তার স্ত্রী এবং তার নামে একটি জমি কেনেন। প্রায় দুই বছর আগে সাইফুলের সঙ্গে পাখি আক্তারের ডিভোর্স হয়। এরপর থেকে পাখি আক্তার ওই জায়গা তার বড়ো বোন আমেনা আক্তারের কাছে বিক্রি করে দেন। বোনের কাছে বোন জমি বিক্রি করাতে ভাই কামাল ক্ষুব্ধ হন। এরপর ভাই কামাল হোসেন তার বোন আমেনা আক্তারের নামের ওই নামীয় জমি নিজে অর্ধেক মালিক বলে দাবি করেন।
আরও পড়ুন: নীলফামারীতে বাইসাইকেল চোর দলের প্রধান গ্রেপ্তার
এই সূত্র ধরে আজ সকালে ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি হলে উত্তেজিত হয়ে কামাল বোন পাখি আক্তারকে দা দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে ছোট বোন তানিয়া আক্তার এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে খবর পেয়ে পাশের বাড়ি থেকে বাবা-মা এগিয়ে এসে তাকে নিবৃত করতে চাইলে বৃদ্ধ বাবা-মাকেও মারধর করা হয়। এলাকাবাসী আহত অবস্থায় দুই বোনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, দুই পক্ষেরই লোকজন আহত হয়েছে। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/এসি