রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশান এলাকার এক আবাসিক ভবনে আগুনের ঘটনায় নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম আনোয়ার হোসেন (৩০)।
রোববার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃতের বড় বোন বিলকিস বেগম ও ছোট ভাই জুলহাস তার লাশ শনাক্ত করেন।
জুলহাস জানান, তার ভাই আনোয়ার ব্যবসায়ী ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ করতেন। বিভিন্ন হাসপাতাল ঘুরে ও টিভিতে নিউজ দেখে ঢামেকে এসে তারা লাশ শনাক্ত করেন।
নিহত আনোয়ার ভবনটির ১২ তলা থেকে লাফ দিয়েছিলেন। ওই তলায় থাকেন একমি গ্রুপের পরিচালক ও আবাহনী ক্রিকেট একাডেমির পরিচালক ফাহিম সিনহার পরিবার।
আগুনের ঘটনায় দগ্ধ ফাহিমের স্ত্রী শামা রহমান সিনহাকে (৩৭) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, শামা রহমান ভবন থেকে লাফ দিয়েছিলেন। তার শরীরে গুরুতর জখম আছে। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
স্বজনরা জানান, আগুন লাগার পর শামা তার তিন সন্তান ও শাশুড়িকে লিফটে নিচে নামিয়ে দেন। লিফট আবার ১২ তলায় উঠলে তিনি নামার চেষ্টা করেন।
সে সময় বিদ্যুৎ বন্ধ করে দেয়ায় সপ্তম তলায় তিনি আটকা পড়েন। তখন লিফট থেকে বের হয়ে সাত তলার বেলকনির পাশে গিয়ে দাঁড়ান।
আগুন বাড়তে থাকলে শামা সেখান থেকে ঝাঁপ দিয়ে ভবনের নিচে সুইমিং পুলে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
মৃত আনোয়ার হোসেন ভোলার দৌলতখান উপজেলার দিদারুল্লা গ্রামের কৃষক নুর ইসলামের ছেলে। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পরিবার গ্রামে তাকে।
এদিকে আগুনের ঘটনায় নিহত আনোয়ার হোসেন ব্যক্তিগত জীবনে বিবাহিত, তার পরিবার গ্রামে থাকতো। তার স্ত্রী আমেনা বেগম অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন ছোট ভাই জুলহাস।
গুলশান থানার উপ-পরিদর্শক এসআই বাবলুর রহমান বলেন, ওই ভবনে আগুন লাগার পর সেখান থেকে লাফিয়ে বা পড়ে গিয়ে আনোয়ারের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি স্বজনদের কাছে রাতেই হস্তান্তর করা হয়। আনোয়ারের দাফন হবে গ্রামের বাড়িতে।
আরও পড়ুন: গুলশানে আগুন: ধোঁয়ায় অসুস্থ দুইজন বার্ন ইনস্টিটিউটে
রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ১২ তলা এক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটি থেকে শিশুসহ ২২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আতঙ্কিত হয়ে বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
একাত্তর/এসি