রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৩২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। সেইসাথে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালী, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, সবুজবাগ, শাহজাহানপুর ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৩।
গ্রেপ্তার আসামদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যেকোনো উৎসবকে কেন্দ্র করে এদের তৎপরতা বাড়ে। সাম্প্রতিক সময়ে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে জনসমাবেশকে কেন্দ্র করে এবং একুশে বই মেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় প্রচুর লোকসমাগম হয়ে থাকে। এ সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাইয়ের মাধ্যমে জনসাধারণের জানমালের ক্ষতি করাই তাদের মূল লক্ষ্য।
বেশ কিছুদিন ধরে বড় ধরনের ছিনতাইয়ের পূর্ব পরিকল্পনা মোতাবেক এ চক্রটি রাজধানীর কোতোয়ালী, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, সবুজবাগ, শাহজাহানপুর ও ওয়ারীসহ বিভিন্ন এলাকায় তৎপরতা চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: নিজের মেয়েকে ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড
র্যাব আরও জানায়, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা বিভিন্ন অলিগলিতে ওৎপেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি ও অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র প্রদর্শন করে ছিনতাই করে থাকে।
একাত্তর/এসজে