রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত

রাজধানীতে দুই বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এমএ মতিন সরকার (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের মৃত কমল সরকারের ছেলে। মতিন বর্তমানে যাত্রবাড়ী জনপথ মোড় এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি পলাশ বিদ্যুৎ কেন্দ্রে পাম্প অপারেটর এবং পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা দিতেন। 

নিহতের প্রতিবেশী হাবিবুর রহমান ও শ্যালক আরাফাত জানিয়েছেন, বাজার শেষে বাড়ি ফেরার পথে যাত্রবাড়ী থানা এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে কমরে আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। পরে ওই অবস্থায় তিনি বাসায় ফেরেন। সন্ধ্যার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত অনুভূত

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/এসি