ওয়াসার ড্রেন খুঁড়তে গিয়ে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৯

রাজধানীতে ওয়াসার লাইন খননের সময় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের বাবা-মেয়ে ও এক শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও ছয় জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ মে) সকাল ৯টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস।

ঢামেকের বার্ন ইউনিটে ভর্তিরা হলেন- আব্দুর রহিম (৫০), তার মেয়ে মিম আক্তার (২২) ও নাতি আলিফ (২)।

শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি দগ্ধরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান (২৫), সোহেল (৪৮), আলী হোসেন (৫২), রাশেদ মিয়া (৩২), সাহারা বেগম (৬৫) ও মিজানুর রহমান (৩২)।

দগ্ধ মিম আক্তার বলেন, ধূপখোলা মাছ বাজার সংলগ্ন মুদি দোকান ও পাশেই তাদের ভাড়া বাসা ও বাবার দোকান। দোকানের সামনে গ্যাস লাইনের পাশে ওয়াশার পানির লাইনের জন্য ড্রেন খননের কাজ চলছিল। সেখান থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে  তাদের দোকান ঘরসহ আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। 

আরও পড়ুন: কক্সবাজারে টহল পুলিশকে ছুরিকাঘাত, আটক তিন

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আব্দুর রহিমের শরীরে ৪৩ শতাংশ, মিম আক্তার পাঁচ শতাংশও শিশু আলিফ সামান্য দগ্ধ হয়েছে।বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধ শিক্ষার্থী মেহেদির বন্ধু হাসান আলী জানান, ধূপখোলা একটি মেসে আমরা থাকি। সকালে মেহেদী বাজার করতে গিয়ে সেখানে দুর্ঘটনার শিকার হয়।


একাত্তর/এসি