২১ মে থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেট্রো

অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ২১ মে থেকে মেট্রোরেল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শনিবার ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আগামী ২১ মে থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলাচল করবে। 

সকাল আটটা থেকে ১১টা ও দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনায় ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। 

অন্যদিকে সকাল ১১টা থেকে দুপুর তিনটা ও সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। 

তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন: ছয় বোর্ডে রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

গত বছরের ডিসেম্বরে চলাচল শুরু করে মেট্রোরেল। তবে শুরুতে পরীক্ষামূলকভাবে সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চালু রাখা হয়।  

বর্তমানে মেট্রোরেল সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত বিরতিহীনভাবে চলাচল করছে। খোলা রয়েছে এ অংশের ৯টি স্টেশনই। 


একাত্তর/এসজে