ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি আত্মহত্যা

রাজধানীর মুগদায় এক ইন্টেরিওর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর্থিক অনটন থেকে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা।  

বৃহস্পতিবার দুপুরের দিকে মুগদার মদিনাবাগের একটি ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।  

স্বজনরা তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহত মাহমুদুল হাসান (৩২) জামালপুরের মৃত ইকবাল হাসানের ছেলে। তারা বহু বছর ধরে ঢাকাতেই থাকতেন।

নিহতের খালাতো ভাই সাইদুল হক জানান, মাহমুদুল ইন্টেরিয়র ব্যবসায়ী ছিলেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রী নিশাতকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। 

সাইদুল বলেন, ব্যবসায় মন্দার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন মাহমুদুল। অভাব-অনটন সব মিলিয়ে হতাশাগ্রস্ত হয়ে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা মনে করছেন। 

আরও পড়ুন: বনানী চেকপোস্টের টয়লেটে মিলল পুলিশ সদস্যের মরদেহ

সত্যতা নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম আহমেদ বলেন, খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  


একাত্তর/এসজে