হাতিরপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

রাজধানীর হাতিরপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সিমেন্টের দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল দশটার দিকে নিউ মার্কেট থানাধীন হাতিরপুল কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাসেম হাওলাদার (৫০) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে। হাতিরপুল কাঁচাবাজার এলাকার ওই দোকানেই থাকতেন তিনি।

হাসপাতালে নিয়ে আসা নিহত হাসেমের ভাগ্নে বাবলু মোল্লা জানান, তার খালু হাসেম হাতিরপুলে রিপন এন্টারপ্রাইজ নামে একটি সিমেন্টের দোকানের কর্মচারী ছিলেন এবং ওই দোকানেই থাকতেন তিনি। সকালে ওই দোকানের টিনের চাল দিয়ে পানি পড়ছিল। তাই তিনি চালে উঠেন সিমেন্ট লাগিয়ে পানি পড়া বন্ধ করতে। সেসময় টিনের চালের সাথে লেগে থাকা কোনো বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন তিনি। 

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, হাসেমের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো