রাজধানীতে রঙের কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু

রাজধানীতে রঙের কাজ করার সময় ক্রেনের উপর থেকে নিচে পড়ে গিয়ে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কদমতলীর বিসিক শিল্প এলাকার মুন্সীখোলায় ফেমাস স্টিল মিলের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন (১৯) ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাট গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি বর্তমানে রায়েরবাগ এলাকায় থাকতেন।

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বড় ভাই জুয়েল মিয়া জানান, আজ দুপুরে স্টিল মিলের ভেতরে বেশ কয়েকজন রঙের কাজ করছিলেন। এসময় ক্রেন মেশিনের উপরে উঠে প্রায় পাঁচতলা সমান উঁচু থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রাকিব। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে না: মেয়র তাপস

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/আরএ