রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর কারওয়ানবাজারে রেললাইন অবরোধ করে বিক্ষোভরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করেছেন। ফলে সারাদেশের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

রোববার বেলা তিনটার দিকে রেল কর্মকর্তাদের রেলমন্ত্রীর সাথে আলোচনার ব্যবস্থা করার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। 

এর আগে, সকাল ১০টার দিকে কারওয়ানবাজারে এফডিসি সংলগ্ন রেললাইনে চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে অবস্থান নেন তারা। এতে সেখানে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারা দেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয় রেলওয়ে। যারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে চাকরি করছেন। চুক্তি ছিল তিন থেকে চার বছরের মধ্যে তাদের স্থায়ীকরণ করা হবে।

আরও পড়ুন: শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের সড়ক অবরোধ

তাদের অভিযোগ, এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণায় ক্ষুব্ধ হয় তারা।


একাত্তর/এসজে