ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে ২৬৫৩ জন

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। গতদিন ১৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৫৩ জন রোগী। 

আগেরদিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৪১৮। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত।

নতুন ১৬ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ২০১ জনের।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে এক হাজার ৩২৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৩২৬ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ১৯৮ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৭৬০ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন তিন হাজার ৪২৯ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৪১ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১ হাজার ৯৩৭ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন: উচ্চ ডেঙ্গু ঝুঁকির আট জেলা চিহ্নিত

আরও পড়ুন: ডেঙ্গু দমনে এবার ব্যাকটেরিয়া আনছে উত্তর সিটি

আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।


একাত্তর/এসজে