দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গতদিন মৃত্যু হয়েছিলো ১৪ জনের।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৬১ জন রোগী।
আগেরদিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৬৫৩ জন। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত।
নতুন ১০ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ২২৫ জনের।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে এক হাজার ১২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ২৩৯ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৬৭ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৮০৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন তিন হাজার ৬৫৮ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭০২ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৪ হাজার ১০ জন।
দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুন: দফায় দফায় অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু
আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।
একাত্তর/এসজে