ধোলাইখালে বিএনপি-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর ধোলাইখালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। 

এদিকে ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

তবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা পরে জানানো হবে বলে জানান তিনি। 

শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।  


তবে শুক্রবার রাতে সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় শনিবারের কর্মসূচির পালনের উপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

আরও পড়ুন: রাজধানীর প্রবেশপথে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী 

তারপরও এসব স্থানে সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে বেলা ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা নয়াবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধোলাইখাল এলাকায় অবস্থান নেন। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।


একাত্তর/এসজে