দেশব্যাপী ঢাবি শিক্ষার্থীদের সমাজ সচেতনতা কার্যক্রম

সমাজ পরিবর্তনে শিক্ষার্থী কর্মসূচিতে বুধবার থেকে দেশব্যাপী সমাজ সচেতনতা কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সামাজিক বৃত্তি নিয়ে ৬৭৭ ছাত্র-ছাত্রী সারাদেশে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও  জঙ্গিবাদ মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা গড়তে সরেজমিনে কাজ করেছে।

শিক্ষার্থীরা ১১ অক্টোবর হতে ৩০ অক্টোবর নিজ নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার যুবসমাজকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন করে প্রতিরোধ গড়তে উৎসাহ দেবে। 

শিক্ষা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৃতীয়বারের মতো শিক্ষার্থীদের জন্য সামাজিক বৃত্তির ব্যবস্থা করছে। প্রতি শিক্ষার্থীকে প্রতি মাসে দেয়া হবে দুই হাজার পাঁচশত টাকা এবং সমাজ সচেতনতা প্রচারাভিযানের বিভিন্ন উপকরণ।

তবে আর্থিক সহায়তা বড় কথা নয়, ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে সমাজ সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করাই এই বৃত্তি-কর্মসূচির উদ্দেশ্য। 

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সমাজ পরিবর্তনে শিক্ষার্থী ২০২৩’কর্মসূচীর প্রচারাভিযানের দিক নির্দেশনা নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথ এক আলোচনা সভা আয়োজন হয়। 

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নূরী। 

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কায়সার এবং সাবেক মহাসচিব রঞ্জন কর্মকারও সেখানে বক্তব্য রাখেন । সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে সফল করেছে। এখনও ঢাবি শিক্ষার্থী সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, শিক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য এই বৃত্তি কোন উপহার নয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের গ্রাম কিংবা এলাকায় সমাজ পরিবর্তনের কাজ শুরু করবে কারণ আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনের নেতা।