ইয়ামাহা দেশের বাজারে নিয়ে আসলো প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার এরক্স ১৫৫ সিসি। স্কুটারটির বাজার মূল্য পাঁচ লাখ ৩০ হাজার টাকা। এতে রয়েছে ট্র্যাকসন কন্ট্রোল, এবিএস, ভিভিএ এবং ওয়াই কানেক্টের মতো অত্যাধুনিক প্রযুক্তি।
একই সঙ্গে ইয়ামাহা এফজেডএক্স এর নতুন কালার ডার্ক ম্যাট ব্লু বাজারে আনার ঘোষণা দিয়েছে ইয়ামাহা। ট্যুরিং সেগমেন্টের এই বাইকটিতে নতুনভাবে সংযোজিত হয়েছে ট্র্যাকসন কন্ট্রোল সিস্টেম যা চালককে কর্নারিং ও উঁচু রাস্তায় আলাদা নিরাপত্তা দেয়। বাইকটির বাজার মূল্য দুই লাখ ৯৯ হাজার টাকা।
মঙ্গলবার রাজধনীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এই বাইক দুটির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপ এর চেয়ারম্যান ইসিন চিহানা এবং ইয়ামাহা ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টি (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।