ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) ‘কোডিং ফর অল’ কর্মসূচির আওতায় মৌলিক পাইথন কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোর্স শেষ হয়েছে। কোর্সটি সফলভাবে শেষ করেছেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, গণস্বাস্থ্য ও ফার্মেসি, এবং প্রাণ ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ১০ জন শিক্ষক।
তাদের প্রশিক্ষণ দিয়েছেন আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষক।
২১ ডিসেম্বর আইইউবির সেন্টার ফর কগনিটিভ স্কিল এনহান্সমেন্ট (সিসিএসই)-এর কম্পিউটার ল্যাবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন আইইউবিতে ‘কোডিং ফর অল’ ধারণাটির প্রবক্তা উপাচার্য ড. তানভীর হাসান। তার সঙ্গে ছিলেন স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ড. মেহেরুন আহমেদ এবং স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মামুন বিন ইবনে রিয়াজ।
‘অটোমেট ইওর ডে উইথ পাইথন’ শিরোনামের চার সপ্তাহের এই বিশেষ কর্মশালাটি শেষ হয় ৭ ডিসেম্বর। প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ ছাড়া অন্য অনুষদের শিক্ষকদের মাঝে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। পাইথনের পাশাপাশি তথ্য সংরক্ষণ এবং মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয় এই ১০ শিক্ষককে।
আইইউবির অধ্যাপক ড. মাহমুদ হাসান খান বলেন, কর্মশালায় অংশ নেয়ার পেছনে তার মূল উদ্দেশ্য ছিলো পাইথন ব্যবহার করে কীভাবে ‘বিগ ডাটা’ বিশ্লেষণ করা যায় তা জানা।
উপাচার্য তানভীর হাসান বলেন, আইইউবির এই কর্মসূচিটি বাংলাদেশে অনন্য। এর আওতায় আইইউবির প্রতিটি শিক্ষার্থীর জন্য কম্পিউটার প্রোগ্রামিং শেখা বাধ্যতামূলক করা হয়েছে, তা সে বিষয়েই পড়াশোনা করুক না কেন। দ্রুতগতির তথ্য ও যোগাযোগপ্রযুক্তির এই যুগে চতুর্থ শিল্প বিপ্লবের পূর্ণাঙ্গ সুফল পেতে হলে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পাশাপাশি আমরা শিক্ষকদেরও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আগ্রহী করে তোলার চেষ্টা করছি যেন তারা তাদের অ্যাকাডেমিক কর্মকাণ্ডে আরো বেশি প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারেন।
আইইউবিতে ‘কোডিং ফর অল’ কর্মসূচির সূচনা হয় ২০২৩ সালের শুরুর দিকে। এর আওতায় বিভিন্ন বিভাগের কয়েক’শ শিক্ষার্থীকে ইতিমধ্যেই কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।