আইইউবিতে জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক স্মারক বক্তৃতা ‘প্রমোটিং ক্লাইমেট জাস্টিস: রোলস অফ কোর্টস অ্যান্ড ইউথ’। 

মঙ্গলবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল-এর অধ্যাপক ড. সেজার রদ্রিগেজ-গারাভিটো। 

সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অবদান ন্যূনতম, কিন্তু আমরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি সবচেয়ে বেশি। পাশাপাশি আমাদের যতটুকু সক্ষমতা, তার চেয়ে বেশি আমাদের অভিযোজন করতে হচ্ছে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নের জন্য যখন আমাদের স্বাস্থ্য, অবকাঠামো, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি বিনিয়োগ করা দরকার, তখন দেশের মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা করার জন্য আমাদের বিনিয়োগ করতে হচ্ছে। এটিও একটি বড় অন্যায় ঘটছে আমাদের প্রতি।

অধ্যাপক রদ্রিগেজ-গারাভিটোর বলেন, গত সপ্তাহে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস-এ সুইস নারীদের একটি সংগঠন ইতিহাসে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি মামলায় জয়লাভ করেছে। এর অর্থ হলো, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আদালতটি পরিষ্কার ভাষায় রায় দিয়েছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ঠ কার্যকর পদক্ষেপ না নেয়া মানবাধিকারের পরিপন্থি। তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি- এগুলো সবই মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস-বাংলাদেশের পরিচালক অ্যাড এম. হাফিজুল ইসলাম খান এবং আইইউবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (ইক্যাড) ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইউবির ডিপার্টমেন্ট অফ ল-এর উপদেষ্টা অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান।

প্রখ্যাত জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ড. সালিমুল হক ২০২৩ সালের ২৮ অক্টোবর ৭১ বছর বয়সে ঢাকায় পরলোকগমন করেন। তিনি আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এবং ইক্যাড-এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। ২০২২ সালে বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ তাকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০ জন বিজ্ঞানীর একজন হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের জাতীয় পরিবেশ পদক এবং ব্রিটেনের অফিসার অব দা অর্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার (ওবিই) উপাধি লাভ করেন।