নতুন করে করোনায় আক্রান্ত ৭ হাজার, সুস্থ ১২ হাজার

দেশে করোনা সংক্রমণের ৫২৮ তম দিনে করোনায় আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। এখনও পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এখনও পর্যন্ত ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।

দেশে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ হাজার ৯৪১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ হাজার ২১১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি। এখন পর্যন্ত ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং নারী ৭৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৪৭৬ জন। 

মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। 

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৭ জন, চট্টগ্রামে ৪৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১৬ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১৫ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। 

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২৭ জন, বেসরকারি হাসপাতালে ৪২ জন এবং বাসায় ৩ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর জানিয়েছে, গত জুন মাসে দেশে কোভিড-১৯ রোগীদের নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে, ৭৮ শতাংশই ডেল্টা ধরনের।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা ১২ হাজার ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: খালেদা জিয়ার করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বুধবার (১৮ আগস্ট) বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৯৮ হাজার ২৩৪ জনের। সুস্থ হয়েছেন ১৮ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ১৪০ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ৫২৬ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২০ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৯০০ জন।


একাত্তর/আরএ