‘এসিসি জেনেসিস’ বিতর্ক প্রতিযোগিতা চলছে

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্যবস্থাপনায় এবং বিতর্ক ক্লাবের উদ্যোগে ‘এসিসি জেনেসিস’ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। যা চলবে শনিবার (১০ মে) পর্যন্ত।

বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. নওরোজ এহসান। তিনি অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকও। অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি মাধ্যমের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩২টি দল অংশ নিয়েছে।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়। এরপর ডকুমেন্টারি এবং ইংরেজি বিতর্ক ক্লাবের কার্যক্রম এবং আয়োজন সম্পর্কে একটি ভিডিও দেখানো হয়।

প্রতিযোগিতার প্রথম দিনে মোট দুটি রাউন্ড অনুষ্ঠিত হয়।

adamji

উদ্বোধনী অনুষ্ঠানে এসিসিডিসি-ইংলিশ -এর সভাপতি মুহাইমিন বিন আশরাফ তার বক্তব্যে ক্লাবের যাত্রাপথের কথা স্মরণ করে ক্লাসরুমের সাধারণ বিতর্ক থেকে শুরু করে জাতীয় পর্যায়ে স্বীকৃত একটি শক্তিশালী বিতর্ক সংগঠনে পরিণত হওয়ার গল্প বলেন। তিনি ক্লাবের মডারেটর নিলুফার ইয়াসমিনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি ক্লাবের প্রতিটি পদক্ষেপে অটল সহায়তা ও বিশ্বাস প্রদর্শন করেছেন।

এছাড়া সহ-সভাপতি সামিউল হক, সাধারণ সম্পাদক ফিদা বিন শাহনওয়াজ এবং সংগঠনের সফল বাস্তবায়নে নিবেদিত নাশিতা নিমু চৌধুরী ও ফারহান সাফিন ইভানের অবদানের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

adamji0

ক্লাবের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, অফিস সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারিসহ সকল প্যানেল মেম্বারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে শুরু হয় এবং তাদের পর্যবেক্ষণ এবং নির্দেশনায় প্রথম দিনের দুটি রাউন্ড পরিচালিত হয়।

প্রতিযোগিতায় সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিতার্কিকদের উপস্থিতি অনুষ্ঠানকে বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে তোলে, যা বাংলাদেশের তরুণ সমাজের যুক্তিবাদী চিন্তা ও প্রকাশের প্রতি গভীর আগ্রহের প্রতিফলন।

adamji1

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিতর্কের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়, যেখানে অংশগ্রহণকারীরা এশিয়ান পার্লামেন্টারি (৩ বনাম ৩) ফরম্যাটে প্রতিযোগিতা করছেন।

প্রতিযোগিতার পরবর্তী দিনগুলোতে প্রাথমিক রাউন্ড, অক্টোফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সর্বশেষ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে অভিজ্ঞ বিচারকদের উপস্থিতিতে বিজয়ী দল নির্ধারিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘এসিসি জেনেসিস ২০২৫’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণদের যুক্তি, নেতৃত্ব ও সমন্বয়ের এক অনন্য প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের শিক্ষাঙ্গনে বুদ্ধিবৃত্তিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করছে।