‘অঞ্চল কিংবা দলীয় নয়, পাথর লুটকারীদের পরিচয় শুধুমাত্র দুর্বৃত্ত’

সিলেটের বিভিন্ন স্থান থেকে যারা পাথর লুট করেছে তাদেরকে দলীয় বা এলাকাবৃত্তিক পরিচয়ে তুলে ধরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।‌ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত এ কথা বলেন। 

পোস্টে তিনি লিখেছেন, সিলেট অঞ্চলের মানুষ ভদ্রতা, সততা ও ন্যায্যতার জন্য সর্বজনবিদিত। এই মূল্যবোধই সিলেটের পরিচয়কে ছড়িয়ে দিয়েছে দেশ থেকে দেশান্তরে। অথচ সামান্য পাথরের লোভে যারা সেই সুনাম ধূলিসাৎ করতে উদ্যোগী হয়েছে, তারা রাজনীতি, প্রশাসন কিংবা পেশাজীবীদের অংশ হওয়ার যোগ্য নয়—তাদের একমাত্র পরিচয় দুর্বৃত্ত।

এসব দুর্বৃত্তদের সংবাদ পরিবেশনের সময় সুনির্দিষ্ট কোনো অঞ্চল বা দলকে টার্গেট না করার অনুরোধ জানান তিনি। 

তিনি আরও লিখেছেন, অঞ্চল কিংবা দলকে টার্গেট করে ঢালাও দোষারোপ সমীচীন নয়। বরং যারা রক্ষক হয়েও ভক্ষক হয়ে উঠেছে, সেই মুষ্টিমেয় অপরাধীচক্রকে শাস্তির আওতায় আনা জরুরি। আমি বিশ্বাস করি, সরকার সেই পথেই অগ্রসর হচ্ছে।

এসব দুর্বৃত্তদের প্রশ্রয় দেয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ঐতিহ্য ও প্রকৃতির সাথে এমন নিষ্ঠুর আচরণ সহ্য করার কোনো কারণ নেই এবং প্রশ্রয় দেয়া যেতে পারে না।