লালমনিরহাটে তামাকের ট্রাকে মিললো ১৩ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন

লালমনিরহাটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) তামাক ভর্তি ট্রাক থেকে ১৩ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক র‌্যাব ১৩ এর সদস্যরা। গাঁজাগুলো পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো। 

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় চেকপোস্ট তৈরি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ টিম সিগারেট কোম্পানি বিএটির তামাক ভর্তি একটি ট্রাক তল্লাশি চালায়। এসময় ১৩ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে র‍্যাব। 

তামাক ভর্তি ট্রাকটি লালমনিরহাট বিএটির ডিপু গোডাউন থেকে কুষ্টিয়ায় বিএটির তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা জেএলটি নিয়ে যাওয়া হচ্ছিলো।

র‌্যাব-১৩ জানায়, তামাক পরিবহনের পাশাপাশি গোপনে মাদক লুকিয়ে পাচার করা হচ্ছিলো। আটক করা হয়েছে তিন জনকে। 

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর এলাকার চাঁদালী বিশ্বাসের ছেলে মো. ওহিদুল ইসলাম, একই উপজেলার মীরের পাড়া এলাকার মৃত মবকুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম ও একই উপজেলার তারাগনিয়া এলাকার মৃত আজিম উদ্দিন মন্ডলের ছেলে মো. শাবান আলী।  

এ ঘটনায় লালমনিরহাট সদর থানার (ওসি) অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী ইসলাম বলেন, বিএটি গোডাউন থেকে তামাক নিয়ে ট্রাকটি যাচ্ছিলো কুষ্টিয়ার উদ্দেশ্য। তামাকবাহী ট্রাক ব্যবহার করে সংঘবদ্ধ একটি চক্র নিয়মিতভাবে গোপনে মাদক পরিবহন করছিলো। আটক করা ট্রাক থেকে উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। 

গাঁজা উদ্ধারের ঘটনায় র‌্যাব- ১৩ থানায় লিখিত অভিযোগ দিয়েছে এবং থানায় নিয়মিত মামলা রেকর্ড হয়েছে। 

লালমনিরহাট ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) ডিপো ম্যানেজার নাঈম হোসেন জানান, ট্রাকের তামাকগুলো আমাদের কিন্তু উদ্ধার হওয়া গাঁজাগুলো আমাদের নয়। এর চেয়ে বেশি কিছু বলতে রাজী হয়নি বিএটির এ কর্মকর্তা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ট্রাকে তামাকের আড়ালে গাঁজা পরিবহনের বিষয় নিয়ে জেলাজুড়ে তোলপাড় চলছে।