টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ‘সংস্কৃতির সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভা ও ট্র্যাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন অঙ্গনের গুণীজনদের অবদানের স্বীকৃতি স্বরূপ মোট ২৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজনে বিভিন্ন অঙ্গনের কৃতী ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এতে আজীবন সম্মাননা পান চলচ্চিত্রকার ছটকু আহমেদ। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্র্যাব সভাপতি কাদের মনসুর। প্রধান অতিথি ছিলেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী।
গুণীজনদের পাশাপাশি এ বছর বিশেষ স্বীকৃতি পেয়েছেন বৈশাখী টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মো. মোস্তাফিজুর রহমান। তাকে সম্মানিত করা হয় ‘আউটস্ট্যান্ডিং ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ অ্যাওয়ার্ডে।
প্রায় দুই দশক ধরে তিনি দেশের টেলিভিশন শিল্পে ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কাজ করছেন। তার কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে। পরবর্তীতে বাংলাভিশনে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি বৈশাখী টিভিতে কর্মরত আছেন।