শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইখ্যা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় রেজাউল মিয়ার সাড়ে তিন বছরের শিশু কন্যা গত চার অক্টোবর রাতে একই এলাকার মিরাজ নামে এক তরুণের কাছে ধর্ষণের চেষ্টার শিকার হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে "নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল"-এর সদস্যরা প্রাথমিক চিকিৎসা সেবা দেন করেন। অপরাধী মিরাজকে পুলিশ আটক করে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করেছে, যা এখনও চলমান।
এই ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বাস্থ্য সহায়তা সেলের একটি প্রতিনিধি দল সোমবার (১৩ অক্টোবর) শিশুটির বাড়িতে পৌঁছায়। দলটি শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে এবং সেলের কেন্দ্রীয় সমন্বয়কারীসহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ভার্চুয়ালি যোগ দেন। তিনি পরিবারের সঙ্গে সার্বিক আলোচনা করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে শিশুটির পরিবারকে। আইনি ও স্বাস্থ্য সহায়তায় ভবিষ্যতে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।