স্তন ক্যান্সার সচেতনতায় হিমলুং অভিযানে যাচ্ছেন নিম্মি

হিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (১৮ অক্টোবর) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করে অভিযাত্রী নুরুন্নাহার নিম্নির হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এ সময় অভিযানের বিস্তারিত তুলে ধরেন তিনি।

সাত হাজার ১২৬ মিটার উচ্চতার ‘হিমলুং হিমাল’ পর্বত শিখর তিব্বত সীমান্তবর্তী নেপালের মানাসলু অঞ্চলে অবস্থিত। 

‘হিমলুং হিমাল’ পর্বত শিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করছে পূবালী ব্যাংক পিএলসি।

হিমুলং শিখরে এটি ক্লাবের দ্বিতীয় অভিযান উল্লেখ করে অভিযানটি নিয়ে মুহিত বলেন, ক্লাবের পক্ষ থেকে এর আগেও পর্বতটিতে অভিযান হয়েছে। সেবার সফল হয়েছি। নিম্মি খুবই এনার্জেটিক, প্রতিশ্রুতিবদ্ধ পর্বতারোহী। তাকে নিয়ে খুব আশাবাদী আমরা। সবকিছু অনুকূলে থাকলে সে দেশের পতাকার গৌরব ধরে রাখবে।

নুরুননাহার নিম্নি পেশায় ব্যাংক কর্মকর্তা। পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন। অবসর পেলেই পর্বত অভিযানে অংশ নেন। নিম্নি ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ শেষ করে ছয় হাজার মিটারের একটি পর্বতে অভিযান করেছেন। এই প্রথম ৭ হাজার মিটার উচ্চতার কোনো পর্বত শিখরে যাচ্ছেন তিনি।

নিম্মি জানালেন, এটা আমার চ্যালেঞ্জিং। প্রথমবারের মতো ৭ হাজার মিটারের পর্বতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করেছি। আশা করি দেশের জন্য সম্মান বয়ে আনতে পারব।

অক্টোবর জুড়েই বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। ‘রাইজ ফর হার’ স্লোগানে নিম্মিও স্তন ক্যান্সার প্রতিরোধের বার্তা নিয়ে হিমলুং অভিযানে যাচ্ছেন।

তার কথায়, রাইজ ফর হার স্লোগানটি মূলত ক্যান্সারের সঙ্গে লড়াই করা প্রতিটি নারীকে উৎসর্গ করতে চাই। ভয়াবহ দুঃস্মৃতি বহন করা প্রতিটি নারীকে শক্তির বার্তা দিতে আমি এই পর্বত শিখরে যাচ্ছি। হিমলুংয়ের সুউচ্চ শিখরে পৌঁছে স্তন ক্যান্সার নিয়ে একটি বার্তা দিতে চাই।

এর আগে ২০২৪ সালে অক্টোবরে ৬ হাজার ১৬১ মিটারের আইল্যান্ড পিক চূড়ায় পা রাখেন নিম্মি।