নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী জুলাই গণহত্যার আসামি, অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত সূত্রের দাবি, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় মো. আলমগীর সেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যায় মামলাটি (নং-৫৮(৯) দায়ের করা হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলাসহ ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার ৩০০ নম্বর আসামি মোহাম্মদ ফখরুল ইসলাম। ভিকটিম আলমগীর ২০২৪ সালের ১৯ জুলাই গুলিতে নিহত হন।

এদিকে হত্যা মামলা থাকার পরও মোহাম্মদ ফখরুল কী করে বিএনপির প্রার্থী হলেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফখরুল শুধু জুলাই গণহত্যার আসামিই নন, তিনি বিতর্কিত ব্যবসায়ী এস আলম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলেও অভিযোগ রয়েছে। রয়েছে নানা দুর্নীতির অভিযোগও।

অপরদিকে, আরও অভিযোগ, ২০০৯ সালে কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াতের সমর্থনে নির্বাচনও করেছিলেন মোহাম্মদ ফখরুল।

আদালত সূত্র জানায়, চলতি বছরের তিন আগস্ট সিআর মামলা নং-৯৩৫/২৫ (মোহাম্মদপুর থানা) দায়ের করলে আদালত মামলাটি এফআইআর হিসেবে মোহাম্মদপুর থানাকে ১৫ দিনের মধ্যে রেকর্ড দাখিলের নির্দেশ দেন। পরে মোহাম্মদপুর থানা এই বিষয়ে ইতিপূর্বে কোনো হত্যা মামলা দায়ের হয় নাই মর্মে আদালতে রিপোর্ট দিয়ে গত ১৫ সেপ্টেম্বর, ২০২৫ এফআইআর হিসেবে গ্রহণ করে (মোহাম্মদপুর থানার মামলা নং-৫৮(৯) )। তবে ওই মামলায় আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে।