ঢাকা দক্ষিণের ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল: তাপস

ঢাকা দক্ষিণের ডেঙ্গু পরিস্থিতি এখন আগের চেয়ে স্থিতিশীল- এমনটা দাবি করে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, মোট আক্রান্তের ১৮ শতাংশ রোগী ঢাকা দক্ষিণের।

মশা নিধনে নগরবাসীর সহযোগিতা পেলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেন তিনি। তবে, বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি না থামলে ডেঙ্গু নিয়ন্ত্রণ বেশ চ্যালেঞ্জিং।

মৌসুমের শুরু থেকেই ঢাকা দক্ষিণে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো অনেক বেশি। জুরাইন, যাত্রাবাড়ীসহ বেশকিছু এলাকা রীতিমতো ডেঙ্গুর হটস্পট হয়ে উঠে।

দক্ষিণের আশংকাজনক ডেঙ্গু পরিস্থিতির জন্য নগর প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন অনেক নগরবাসী। প্রতিবাদে রাজপথে কর্মসূচিও পালন করেন জুরাইনসহ বেশকিছু এলাকার বাসিন্দারা।

ডেঙ্গু পরিস্থিতির এই সময়টায় অনেকদিন দেশের বাইরে ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। দেশে ফিরে বুধবার কথা বলেন গণমাধ্যমের সাথে। 

রাজধানীর নিউমার্কেট এলাকায় ময়লা ফেলার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উদ্বোধন করেন মেয়র। ডেঙ্গু পরিস্থিতি শিগগিরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি অনেকাংশেই আবহাওয়ার উপর নির্ভরশীল। বৃষ্টি না থামলে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার ঠেকানো যাবে না।  

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু লার্ভা ধ্বংস করে পরিস্থিতি সামাল দেয়া যাবে না। পূর্ণাঙ্গ মশা মারার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।


একাত্তর/আরএ