বাড়িওয়ালার পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে মানবাধিকার কমিশন

মোহাম্মদপুরে ভাড়াটিয়া কর্তৃক বাড়ির মালিকের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা আমলে নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন মানবাধিক কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তিনি একাত্তরকে জানান, এই বিষয়ে একাত্তর টিভি ও একাত্তর অনলাইনে প্রকাশিত প্রতিবেদন তার নজরে এসেছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে স্ব-প্রণোদিত হয়ে এই বিষয়ে তদন্তের নির্দেশও দেয়া হয়েছে বলে জানান নাছিমা বেগম।

তিনি আরো বলেন, ‘কোন জমি বা বাড়ির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আদালতে নিষ্পত্তি হবে। কিন্তু আদালতে বিচারাধীন অবস্থায় জোর করে একটি পরিবারকে পানি ও বিদ্যুৎ থেকে বঞ্চিত করা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাই কমিশন বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে।’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ‘তদন্তে যদি প্রমাণ হয় মরিয়ম আকতার পানি ও বিদ্যুৎ জোড় করে বন্ধ করে রেখেছেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা কমিশনের পক্ষ থেকেই নেয়া হবে।’

আরও পড়ুন: বাড়িওয়ালাকে পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছে ভাড়াটিয়া!

উল্লেখ্য, টানা এক বছর ধরে ওই বাড়ির মালিক অধ্যাপক জাহিদ হোসেনের ফ্ল্যাটের শুধু পানির সংযোগ বিচ্ছিন্ন করেই ক্ষান্ত হয়নি ভাড়াটিয়া মরিয়ম।

সেই সঙ্গে বিদ্যুতের লাইনও বন্ধ করে দিয়েছেন এক মাস যাবত। বাড়ির মালিকানা দাবি করে বাড়ি ছাড়াতে স্থানীয় মাস্তানদের মাধ্যমে বাড়িওয়ালাকে দেয়া হচ্ছে হুমকি।

একাত্তর/আরএ