'ভাড়াটিয়ার হাতে জিম্মি বাড়ির মালিক' শিরোনামে একাত্তর টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর কমিশনের উপ-পরিচালক রবিউল ইসলামকে ঘটনাস্থল সরিজমিনে পরিদর্শন করে তিনদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, 'ভাড়াটিয়ার হাতে জিম্মি বাড়ির মালিক' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি কমিশনের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় কমিশন একটি সুয়োমোটো অভিযোগ গ্রহণ করেছে, যার নম্বর ঢা: ২৬/২১।
আরও পড়ুন: বাড়িওয়ালাকে পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছে ভাড়াটিয়া!
এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) একাত্তর টেলিভিশনে 'ভাড়াটিয়ার হাতে জিম্মি বাড়ির মালিক' শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর তা আমলে নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল মানবাধিক কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
চেয়ারম্যান নাছিমা বেগম একাত্তরকে জানান, কোন জমি বা বাড়ির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আদালতে নিষ্পত্তি হবে। কিন্তু আদালতে বিচারাধীন অবস্থায় জোর করে একটি পরিবারকে পানি ও বিদ্যুৎ থেকে বঞ্চিত করা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাই কমিশন বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে।
তিনি আরো বলেন, তদন্তে যদি প্রমাণ হয় মরিয়ম আকতার পানি ও বিদ্যুৎ জোড় করে বন্ধ করে রেখেছেন তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা কমিশনের পক্ষ থেকেই নেয়া হবে।
আরও পড়ুন: ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে মানবাধিকার কমিশন
প্রসঙ্গত, বাড়ির মালিক অধ্যাপক জাহিদ হোসেনকে উৎখাত করতে ফ্ল্যাটের পানির সংযোগ বিচ্ছিন্ন করেই ক্ষান্ত হননি ভাড়াটিয়া মরিয়ম সেই সঙ্গে বিদ্যুতের লাইনও বন্ধ করে দিয়েছেন এক মাস যাবত। একইসঙ্গে বাড়ির মালিকানা দাবি করে অধ্যাপক জাহিদকে বাড়ি ছাড়তে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বাড়িওয়ালাকে হুমকিও দেওয়া হচ্ছে।
একাত্তর/আরএইচ