ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং এ রোগের ঝুঁকিতে থাকা মানুষের জন্য ‘ডায়াবেটিস মেলা’ নামে একটি অ্যাপ চালু হতে যাচ্ছে। এ অ্যাপের মাধ্যমে যে কেউ নিজের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং আক্রান্ত কি না, তা জানতে পারবেন। পাশাপাশি রোগ প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা।
এতে ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলেরাব্বী খান বলেন, ‘অ্যাপটির মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে ধারণা নিয়ে তারা নিজেদের জীবনযাপন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা ঠিক করতে পারবেন। আর যারা ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত, তারাও চিকিৎসাসংক্রান্ত সম্ভাব্য সব ধরনের সহায়তা পাবেন। পুরো উদ্যোগে সার্বিক সহায়তা করছে বেক্সিমকো ফার্মা ও কংগ্রেসিয়া।’
সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. শাহাজাদা সেলিম বলেন, ‘বিশ্বজুড়ে ডায়াবেটিস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও উদ্বেগজনক হারে বাড়ছে এ রোগের প্রকোপ। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ মানুষ জানেন না যে তারা এ রোগে আক্রান্ত।’
তিনি বলেন, ‘অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও অসচেতনতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। একবার ডায়াবেটিস হলে সাধারণত তা পুরোপুরি নিরাময় করা যায় না। তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং জটিলতা শনাক্তে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’
ডা. শাহাজাদা সেলিম আরও বলেন, ‘বাস্তবতা হলো, ৯২ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। এর ফলে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং রক্তনালির জটিলতা দেখা দিতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে চোখ ও স্নায়ু। এতে রোগীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যয় বাড়ে। পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হয়। তাই ডায়াবেটিস হওয়ার আগেই সচেতনতা তৈরি, দ্রুত রোগ শনাক্ত এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।’
তিনি জানান, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০১৯ সাল থেকে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। ছোট-বড় নানা পরিসরে আয়োজন করা হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’। এসব আয়োজনে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিভিন্ন তথ্য পাওয়া যায়। রোগটি নিয়ে অযথা ভয় বা আতঙ্কিত না হয়ে মানুষ এ আয়োজনে এসে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তাদের এবারের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার’।
সংবাদ সম্মেলনে ডা. শাহাজাদা সেলিম ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপের লোগো উন্মোচন করেন। তিনি বলেন, ‘যাদের জন্য অ্যাপটি তৈরি করা হচ্ছে, তাদের মতামতের ভিত্তিতেই এটি পূর্ণাঙ্গ করা হবে। এ জন্য আগ্রহী ব্যক্তিরা নির্দিষ্ট মতামত ফরম পূরণ করে, ফেসবুক পেজের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ দিতে পারবেন। পরামর্শ দেওয়ার শেষ সময় আগামী ৩১ জানুয়ারি ২০২৭। এ ছাড়া নির্ধারিত যেকোনো কিউআর কোড স্ক্যান করেও মতামত জানানো যাবে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বেক্সিমকো ফার্মার উপমহাব্যবস্থাপক আহসানুল কবির এবং বারডেমের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল পারভেজ।