করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির গোল্ড অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ ‘টেলিকমিউনিকেশন কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উচ্চ মান বজায় রাখার ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ গ্রামীণফোনকে এই সম্মাননা প্রদান করা হয়।

কঠোরভাবে সুশাসনের চর্চা, তথ্য প্রকাশে স্বচ্ছতা, নৈতিক ব্যবসায়িক আচরণ, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করার ওপর ধারাবাহিক গুরুত্বারোপের মাধ্যমে করপোরেট সুশাসনের উচ্চ মানদণ্ড বজায় রাখছে গ্রামীণফোন। এই পুরস্কার সেই প্রচেষ্টারই প্রতিফলন।

গত ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক ও কোম্পানি সেক্রেটারি এস এম ইমদাদুল হক।

পুরস্কার গ্রহণের পর অটো মাগনে রিসব্যাক বলেন, “এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোনে সুশাসন বিষয়টি শুধু নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন মেনে চলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আমরা কীভাবে সিদ্ধান্ত নিই, ব্যবসা পরিচালনা করি এবং আমাদের অংশীজনদের প্রতি জবাবদিহি নিশ্চিত করি- এমন প্রতিটি ক্ষেত্রে তা মিশে আছে। আস্থা অর্জন এবং টেকসই ও দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার ভিত্তি হিসেবে স্বচ্ছতা, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং দায়িত্বশীল সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সংহত করলো এই পুরস্কার।”

কর্পোরেট সুশাসনে উৎকর্ষ প্রদর্শনকারী কোম্পানিগুলোকে স্বীকৃতি দিতে এবং কর্পোরেট খাতে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতাকে উৎসাহিত করার লক্ষ্যে আইসিএসবি ২০১৪ সালে বাংলাদেশে ‘কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’প্রবর্তন করে। এবারের আসরে ১৪টি ক্যাটাগরিতে মোট ৪৪টি প্রতিষ্ঠানকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ সম্মাননা দেওয়া হয়েছে।