প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে কার্বন বৃদ্ধি, নদী সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলাদা পাঠ্যক্রম তৈরি করে তা মূল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অ্যাকশনএইড ও সাসটেইনলঞ্চ ল্যাবস আয়োজিত ‘ইয়ুথ-লেড সাসটেইনেবিলিটি অ্যাকশন রিসার্চ ২০২৬’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তরুণদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এসব প্রকল্পের মধ্যে ছিল ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণ, জিপিএস ছাড়া অবস্থান শনাক্তকরণ, রোবটের মাধ্যমে চিকিৎসাসেবা, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ জলবায়ু ব্যবস্থাপনা। প্রকল্পগুলো দেখে তিনি তরুণদের উদ্যোগের প্রশংসা করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, টেকসই বাংলাদেশ গড়ে তুলতে এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শৈশব থেকেই শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে হবে।