সার্চ কমিটি নয়, ঐক্যমত্যে হতে হবে ইসি: বিএনপি

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সাংবিধানিক ভিত্তি নাই। তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের পুনর্গঠন চায় বিএনপি।

দলটির সিনিয়র নেতারা জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারের বিকল্প নাই। বুধবার, ঢাকা মহানগর দক্ষিণের এক অনুষ্ঠানে তারা এসব কথা জানান।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে করোনা ও ডেঙ্গু হেলপ সেন্টারের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়। বিএনপি মহাসচিব এই কার্যক্রমের উদ্বোধন করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৫ ফ্রেব্রুয়ারির মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। তবে ইতিমধ্যে কমিশন গঠন নিয়ে নানা মতামত এবং দাবি উঠতে শুরু করেছে।

বিএনপি বলছে, শুধুমাত্র দক্ষ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নেই, প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার।

প্রেসক্লাবের অনুষ্ঠানে বিএনপি মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণ যাতে তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না’।

ক্ষমতাসীন দল দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে, এমন অভিযোগ করে তিনি আরও বলেন, প্রথমে সংবিধানকে কেটেকুটে নিজেদের মতো করেছে। পরে সমস্ত বিচার বিভাগ, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী সবাই নিয়ন্ত্রণে নিয়ে এসে দলীয়করণ করেছে।

মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, বিএনপি জেগে উঠছে এ কারণে এখনও ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, হয়রানি হচ্ছে, তল্লাশি চলছে। বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারে 'হৃদকম্প' শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে। এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সব দলের ঐক্যমত্যে নির্বাচন কমিশন চাইলেন সিইসি

এছাড়া, সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এক স্বাস্থ্য মন্ত্রী আছেন যার প্রতিটি কথায় মিথ্যা ও জনগণের সঙ্গে প্রতারণামূলক কথাবার্তা। আজকে তারা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

রাজধানী ঢাকায় প্রতিদিন ডেঙ্গুতে মানুষজনের আক্রান্ত হওয়া ও মৃত্যুবরণ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এজন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



একাত্তর/জো