বিএনপি আর কখনও ক্ষমতায় আসতে পারবে না: হানিফ

অপরাজনীতি ও নানাবিধ অপকর্মের কারণে জনবিচ্ছিন্ন বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রমনার সুইড ইস্কাটন গার্ডেন মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এই অনুষ্ঠানে তিনি একথা জানান।

হানিফ বলেন, ‘একটি দল ক্ষমতায় থাকাকালে সীমাহীন লুটপাট করে দেশ পরিচালনা করেছ, তারা এখন জননেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক স্বীকৃতি পছন্দ করে না। এই দেশের মানুষ আর কখনও বিএনপি জামায়াতের দুঃশাসনে ফিরে যেতে চায় না’।

তিনি আরো বলেন, ক্ষমতায় থেকেও করেছে, একইভাবে ক্ষমতার বাইরে থেকেও লুটপাট-অগ্নিসংযোগ করে মানুষের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের এই জেষ্ঠ নেতা বলেন, ‘বিএনপি এদেশের নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এর জন্য তাদের যুগ যুগ ধরে প্রায়শ্চিত্ব করতে হবে। তাদের যুগ যুগ ধরে জনগণ থেকে দুরে থাকতে হবে। জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে’।

এছাড়া, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নের সরকারে কর্মকান্ড তুলে ধরে হানিফ বলেন, ‘আমাদের পূর্বে যে সরকার দেশ পরিচালনা করেছে, তাদের আমরা কখনো দেখিনি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কোন কাজ করতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে, বাচ্চারা যাতে স্বাভাবিক জীবন ও মেধার বিকাশ ঘটাতে পারে এবং সামাজিক সব সুযোগ সুবিধা ভোগ করতে পারে সে জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন’।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। অনুষ্ঠানের আগে মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে অতিথিরা সুইড বাংলাদেশ চত্বরে বৃক্ষরোপণ করেন।


একাত্তর/জো