কুমিল্লায় পূজা মণ্ডপে হামলায় বিএনপির সম্পৃক্ততা পাওয়া গেছে, এমন খবরে বিস্ময় প্রকাশ করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলটির পক্ষ থেকে বিষ্ময় প্রকাশ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, জেলা ও মহানগর বিএনপি মনে করে কিছুদিন পরই সিটি কর্পোরেশন নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিএনপির ইমেজ নষ্টের জন্য চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। রাজনৈকিভাবে ঈর্ষান্বিত হয়ে সিটি মেয়র মনিরুল হক সাক্ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে জড়িয়ে যে ধরণের অপপ্রচার করা হয়েছে, তা চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ।
জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে স্থানীয় সংসদকে উদ্দেশ্য করে বলেন, ১৩ অক্টোবর পূজা মণ্ডপের প্রতিমা থেকে কোরআন শরীফ সরানোর সময় মো. ফয়েজ নামে যে ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ প্রচার করেন তার সঙ্গেও একজন জন প্রতিনিধির ছবি রয়েছে। তাহলে কি বোঝা যাবে ওই ব্যাক্তি উক্ত জনপ্রতিনিধির লোক ?
এসময় তিনি পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনাসহ পরবর্তী সকল অপ্রীতিকর ঘটনার নিন্দা ও প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় নেয়ার দাবি জানান।
আরও পড়ুন: কুলাউড়ার ১৩ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, মো. জসীম উদ্দিন, হাজী মাসুকসহ দলীয় নেতাকর্মীরা।
একাত্তর/এসি