জ্বালানি তেল ডিজেল-কেরোসিন দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের উধর্বগতির প্রতিবাদে সারাদেশে মহানগর ও জেলা শহরে দুইদিনের প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, এই প্রতিবাদ সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে। জনগনকে জাগিয়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ হয়ে গণবিস্ফোরণের মধ্যে সরকার পতনের আন্দোলন এর ডাক দেন বিএনপি মহাসচিব।
গণপরিবহনে ভাড়া বাড়ানোর কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জবাবদিহিতা না থাকায় সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বাড়তি ভাড়ার জন্য জনগণের নাভিশ্বাস উঠবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিনের যৌথ উদ্যোগে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের উধর্বগতির প্রতিবাদে এই মানববন্ধন হয়। ঢাকার দুই মহানগরের সহস্রাধিক নেতা-কর্মী এতে অংশ নিয়ে ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্যের উধর্বগতির বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।
একাত্তর/ এনএ