নিজ নির্বাচনী এলাকা থেকেও পদ গেলো মুরাদের

সদ্য প্রতিমন্ত্রীর পদ হারানো এমপি ডা. মুরাদ হাসানকে তার নির্বাচনী এলাকা সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। 

জরুরি সভা শেষে বাদশা সাংবাদিকদের জানান, দলের ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খল পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মোতাবেক তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ হতে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও জানান, জেলা আওয়ামী লীগের মাধ্যমে তার অব্যাহতি পত্র এবং বহিষ্কারের  সুপারিশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মুরাদকাণ্ড: র‌্যাবকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইমন

এদিকে গতকাল মঙ্গলবার ডা. মুরাদ হাসান মন্ত্রী পরিষদ থেকে পদ ত্যাগ করার পর বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় তাকে জেলার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক আ. গনি, পৌর মেয়র মনির উদ্দিন মনির, পৌর আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ। 

এ সময় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান। সেই সঙ্গে মুরাদ হাসানের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানান।


একাত্তর/এসি