গতবার (২০১৩ সাল) ভারতের রাষ্ট্রপতির সফরে বিরোধী দলের নেতার সাথে বৈঠক হলেও এবার বিরোধী দলের সাথে বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি জানান, এবারের সফর একটি বিশেষ উপলক্ষে। এটি সাধারণ কোনো রাষ্ট্রীয় সফর নয়।
বুধবার (১৫ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসময় হর্ষবর্ধন বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন সোনালি অধ্যায়ে। আমরা অনেক জটিল সমস্যা সুন্দরভাবে সমাধান করেছি। ভারত মিয়ানমারের রাখাইন স্টেটে শান্তি প্রতিষ্ঠার পক্ষে। এটি আঞ্চলিক শান্তির জন্য জরুরী। রোহিঙ্গা সমস্যা সমাধানেও আমরা (ভারত) আন্তরিক।
শ্রিংলা বলেন, বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হলে শুল্কমুক্ত সুবিধা রপ্তানিতে থাকবে না, আমরা এ নিয়ে কাজ করছি।
তিনি জানান, ভারতের ভিসা পদ্ধতি অনেকটাই সহজ হয়ে এসেছে। তবে, করোনার কারণে সাময়িক কিছু বিধিনিষেধ এসেছে।
হর্ষবর্ধন জানান, সীমান্ত সমস্যা সমাধানে দু’দেশের উচ্চপর্যায়ে কাজ চলছে। দু’দিন পরেই বিএসএফের মহাপরিচালক বাংলাদেশ সফর করবেন, সেখানে এ নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে।
মার্কিন নিষেধাজ্ঞা বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, আমরা তৃতীয় কোনো চোখ দিয়ে বাংলাদেশকে দেখি না।
আরও পড়ুন: ঢাকায় ব্যস্ততম প্রথম দিন কাটালেন ভারতের রাষ্ট্রপতি
শ্রিংলা বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন সমস্যা সমাধানে কোয়াড গঠিত হয়েছে, এটি চার দেশের জোট। কোয়াডে বাংলাদেশ যোগ দেবে কীনা সেই সিদ্ধান্ত স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের, তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার।
একাত্তর/আরএ