বিএনপির মিথ্যাচার ও অপপ্রচারের নিন্দা করলেন কাদের

বিএনপি নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রোববার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে স্বৈরশাসনের পটভূমিতে। 

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আওয়ামী লীগ ও গণতন্ত্র নাকি একসাথে যায় না, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, আওয়ামী লীগই  দেশের একমাত্র স্বাধীনতা, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন। 

শেখ হাসিনার সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় এদেশের মানুষের ভাগ্যের যত উন্নয়ন ঘটেছে, বাংলাদেশ যতই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রসর হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ ততই হতাশাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত প্রলাপ বকছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

এদেশের গণমাধ্যমের বিকাশ ও সমৃদ্ধিতে ইতিবাচক সকল প্রয়াস আওয়ামী লীগই গ্রহণ করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের তার বিবৃতিতে আরও বলেন, বিএনপির কাছে গণমাধ্যমের স্বাধীনতার অর্থ হলো ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক তথ্য প্রচারের মাধ্যমে তাদের ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করা।


একাত্তর/এসজে