বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং সেটার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত।
তিনি আরও বলেন, কিন্তু বারবার মিথ্যা দুর্নীতির অভিযোগসহ নানা অজুহাতে উন্নয়ন কার্যক্রমে ষড়যন্ত্রে ব্যস্ত বিএনপি-জামায়াত। কোন দুর্নীতির কথা তারা বলেন তা আমরা জানি না। যে দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া তার ছেলেও দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য দেশ ছেড়ে পালিয়েছেন। তাহলে ফখরুল সাহেব কোন দুর্নীতির কথা বলেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কক্সবাজার পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বলেন, বাঙালির মুক্তির জন্য অনেকেই রক্ত দিয়েছেন। কিন্তু কেউ বাঙালিকে স্বাধীনতার স্বাদ, মুক্তি এনে দিতে পারেননি। অবশেষে আমাদের মুক্তি এসেছিলো এই টুঙ্গিপাড়া থেকে জন্ম নেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক হিসেবে আর্বিভূত হয়েছিলেন। তিনি হয়েছেন বাঙালি জাতির পিতা। তিনি তার ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে সারা বাংলায় অগ্নিশিখা জ্বালিয়েছেন। তার সেই ডাকে আমাদের মুক্তি এসেছিলো।
এ সিনিয়র নেতা আরও বলেন, ৫২'র ভাষা আন্দোলন, ৫৪'র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৬'র ছয় দফা ঘোষণা এবং ৬৯'র গণআন্দোলনের পথ ধরেই আমাদের স্বাধীনতা এসেছিলো। ৭০'এর নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট পাওয়ার পর বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লড়াই, সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশ কারো দয়ায় স্বাধীন রাষ্ট্র হয়নি। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মূল অনুপ্রেরণা ছিলো ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। তিনি বজ্রকন্ঠে উচ্চারণ করেছিলেন, "এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"।
আরও পড়ুন: 'গণহত্যা' নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করলো মিয়ানমার
বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, কিন্তু অর্থনৈতিক মুক্তি দেওয়ার আগেই একাত্তরের পরাজিত শক্তি তাকে হত্যা করেছে। আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলায় রূপান্তরিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা সকল সীমাবদ্ধতাকে মোকাবেলা করে শত প্রতিকূলতা, বাধা-বিপত্তির মধ্যেও বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। আমরা আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছি।
কক্সবাজার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উজ্জল করের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের চট্টগ্রামের বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম-বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ অনেকেই।
একাত্তর/আরবিএস