হরতালে পুলিশের লাঠিচার্জ-জল কামান

দ্রব্যমূল্যের দাম কমানো এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালে জল কামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। এছাড়া কয়েকটি জেলায় হরতালের সমর্থনে মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পল্টন: বাম জোটের ডাকা আধাবেলা হরতালে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ছিটিয়ে নেতাকর্মীদের পল্টন মোড় থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছে পাঁচজন।


মতিঝিল-পল্টন জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, হরতালের নামে রাস্তা অবরোধ করে সকাল থেকেই নেতাকর্মীরা যান চলাচলে বিঘ্ন ঘটায়।  পরে তাদের সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বাম জোট নেতা জুনায়েদ সাকী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছিলাম। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের ওপর লাঠিচার্জ করে। পানি ছিটিয়ে আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে তাদের সে বাধা জনগণ মানবে না। জনগণ জেগেছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

খুলনা: বামদলজোটের ডাকা হরতালে খুলনায় সাড়া না পড়োলেও খুলনায় হরতালে পিকেটিং করার প্রস্ততির অভিযোগে খুলনার গোলকমনি শিশু পার্ক এলাকা থেকে সকাল আটটার দিকে বাম দলের ছয় নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতালে বাধা দিয়ে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ ৷ সকাল ৭টার দিকে শহরের চাষাঢ়ায় এই ঘটনা ঘটে।
সকাল পৌনে ৬টায় জোটের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেইট এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি একাধিকবার শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। এসময় জোটের নেতা-কর্মীরা সড়কে চলাচল করা যাত্রীবাহী বাস,পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে দেয়। মিছিল চলাকালীন চাষাঢ়ার মেডিনোভা হাসপাতাল ও গলাচিপার মোড়ে দুটি হাতবোমা বিস্ফোরিত হয় ৷
এসময় বামজোটের মিছিলটি চাষাড়ার বিজয় স্তম্ভের সামনে আসলে ওসির নেতৃত্বে পুলিশ বাধা দেয়৷ বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যেতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ। 
এসময় কয়েকজন কর্মী লাঠিচার্জের পরও বাম নেতারা মিছিল অব্যাহত রাখেন। এরপর মিছিলটি ২ নম্বর রেলগেইট এলাকায় আসলে আবারও বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ ও বাম নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বামজোটের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিস্তারিত আসছে...