পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে নিজ বাসভবন থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠু্ক প্রতিটি মানবহৃদয়।
তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আসুন সমাজের ধনী-গরীব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতিগোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এই খুশি ভাগাভাগি করে নেই।
পরম করুনাময় আল্লাহ- তায়া’লার কাছে প্রার্থনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধ বিগ্রহ, মহামারী, দুঃখ-জ্বরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।
তিনি জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে, আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা।
ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ ইনশাআল্লাহ।
আরও পড়ুন: ঈদের প্রধান জামাতে সম্প্রীতি রক্ষা ও দেশের মঙ্গল কামনা
মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আাঁধার দূর করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলে নিজেকে, সমাজ ও দেশকে।
করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি।
দলমত নির্বিশেষে করোনা সংকট উত্তরনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের উর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করারও আহবান সেতুমন্ত্রী।
একাত্তর/আরবিএস