লন্ডনে ঈদ উদযাপন করছেন বিএনপির দুই শীর্ষ নেতা। দীর্ঘ আট বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাছে পেলেন তার পরিবারের সদস্যদের। ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনীকে নিয়ে এবারের ঈদ যেন বেগম খালেদা জিয়ার কাছে বিশেষ কিছু। এদিকে, লন্ডনে স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে এবারের ঈদ যেন নিয়ে এসেছে খুশীর আমেজ। বিগত বছরগুলোতে তিনি মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন। অসুস্থ থেকেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্ত হয়ে জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। সাত বছর পর দেখা হয় বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। পরিবারের সদস্যদের সদস্যদের নিয়েই এবার ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপার্সন।

লন্ডনের কিংসটন এলাকায় ঈদের নামাজে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ এই খোলার মাঠে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রোববার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছার তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, ম্যাডাম দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় লন্ডনে খালেদা জিয়ার তৃতীয়বারের মতো ঈদ উদযাপনের তথ্য জানিয়ে তিনি আরও বলেন, লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আপনারা জানেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাচ্ছেন।
এদিকে ঈদ উপলক্ষে দেয়া এক বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ দেড় দশক পর দেশের মানুষ এবার ভয়হীন-স্বাধীন পরিবেশে ঈদ উদযাপন করায়; এবারের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের আকাশে শাওয়ালের চাঁদ, কাল ঈদ
ভয়হীন পরিবেশে এ বছর ঈদ উদযাপন করছে জনগণ: তারেক রহমান