সীতাকুণ্ডের আগুন দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি

সীতাকুণ্ডে ভয়াবহ আগুন ও বিস্ফোরণে ঘটনা তদন্তে দল-নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

৪৫ ঘণ্টাতেও আগুন কেন নিয়ন্ত্রণে এলো না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব। তিনি আরো বলেন, শুধু মেগা প্রকল্পের মাধ্যমে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার চলছে।

সোমবার (৬ জুন) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি মনে করি যে, এ ঘটনার জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা উচিত। এর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করা দরকার।

কী ভয়াবহ! মানুষের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না, ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে, একেবারে অগ্নিদগ্ধ হয়ে গেছে, চেনা যাচ্ছে না। হঠাৎ করে যে বিস্ফোরণ হবে এটাও তারা বুঝতে পারেননি।

যার ফলে এ ঘটনাগুলো ঘটেছে। নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি, বলেন তিনি।

একইসঙ্গে এ ঘটনায় হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং দেশের সকল কনটেইনার ডিপোতে ‘তদারকি ব্যবস্থা’ চালু করার দাবিও জানান বিএনপি মহাসচিব।

আগুনের ঘটনায় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দাহ্য পদার্থ থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাছে কোন সুরক্ষা সামগ্রী ছিলো না।

আর এভাবে তাদের যেমন মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে তেমনি সাধারণ মানুষও হতাহত হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

সরকারের সমালোচনা করে তিনি আরো অভিযোগ করেন, তথাকথিত অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারী করা, দুর্নীতির করা- এটাই তাদের মূল লক্ষ্য।

মানুষকে ভালো রাখার জন্য এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এ সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, সে কারণে তাদের জবাবদিহিতা নেই, বলেন তিনি।

সীতাকুণ্ডের বিস্ফোরণে দেশের পোশাক শিল্পে কোনো প্রভাব পড়বে কিনা, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে। এনিয়ে এরিমধ্যে কথা শুরু হয়েছে।

ফখরুল বলেন, সরকার মানুষের সমস্ত আশা-আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এখন তো আপনার বাংলাদেশের সামনে আর কিছুই নেই, পদ্মা সেতু ছাড়া আর বলে কিছুই নেই।

আরও পড়ুন: পদ্মাসেতু উদ্বোধনের আনন্দ অবদমিত করতেই নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে: তথ্যমন্ত্রী

বিএনপি মহাসচিব বলেন, এ ঘটনার পর জাতীয় শোক ঘোষণা করা উচিত ছিল। অন্য যেকোনো সভ্য দেশ হলে তা-ই করতো। 

আওয়ামী লীগ এখন শোষকের দলে পরিণত হয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, এখন শোষিতের পক্ষে কথা বলার তাদের সুযোগ নেই। কারণ তারাই শোষক হয়ে শোষণ করছে বাংলাদেশকে।

একাত্তর/আরএ