নির্বাচনের সিস্টেমেই কিছু গলদ আছে বলে মনে করছেন জাতীয় পার্টির সহাসচিব মুজিবুল হক চুন্নু। আর একারণেই আনুপাতিক হারে নির্বাচনের সুপারিশ করেন তিনি। বলেন, কমিশনের এতো ক্ষমতা নেই যে কেউ অপরাধ করলে তার শাস্তি দিতে পারে।
আগামী নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিকভাবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকালে বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির ১৪ সদস্যের প্রতিনিধি দলের সাথে ইসির সংলাপ শুরু হয়।
রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপের শেষদিনে একথা বলেন তিনি। জাতীয় পার্টির দাবী, নির্বাচনের সময় কেউ কথা না শুনলে কমিশন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবে এমন ব্যবস্থা করা হোক।
এছাড়াও, যারা ক্ষমতায় থাকেন তারা যদি সহায়তা না করেন তবে নির্বাচন কমিশনের পক্ষে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করছেন জাতীয় পার্টির সহাসচিব মুজিবুল হক চুন্নু।
ইভিএমে এখনো আস্থা আসেনি এমন মন্তব্য করে চুন্নু বলেন, ইভিএমে নির্বাচন ন্যায়সঙ্গত করতে পারবেন কিনা সেটাই প্রশ্ন তাদের।
অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে, নিবন্ধিত সব রাজনৈতিক দলকেই সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হলেও, এতে অংশ নেয়নি বিএনপি ও শরিক দলগুলো।
এদিকে, রোববার বিকেলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে, সংলাপে অংশ নেয়ার কথা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। আগামী সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে গত ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করে ইসি। এ পর্যন্ত ২৭টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে।