মেডিকেল বোর্ডের পরামর্শে গুলশানের বাসা ফিরোজায় থেকে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন তিনি।
বুধবার (৩১ আগস্ট) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসন এভার কেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় ফিরবেন।
এর আগে গত ২৮ আগস্ট রোববার রাত পৌনে ৮টার দিকে নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। সেখানে তিনদিন ধরে তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
গত ২২ আগস্ট বিকেলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।
দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন শর্ত দেওয়া হয়েছিল, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। বিএনপি তাকে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।
আরও পড়ুন: গর্বাচেভের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক
কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরোজাতেই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ছয় দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।
একাত্তর/আরএ