বিএনপির ভিশন ২০৩০ এখন ডিপ ফ্রিজে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শুধু নেতাকর্মীদের খুশি রাখতে তারা নানা কথা বলে বেড়াচ্ছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, বিজয়ের মাস, বিজয়ের স্মৃতি মনে পড়বে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বিজয় কল্পনাও করা যায় না। আমাদের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতীয় বীর তিনি। আমরা বঙ্গবন্ধুকে অনুসরণ করবো। শৃঙ্খলাবোধটা আমাদের থাকতে হবে।
সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। সেই অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
কাদের বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কিন্তু এর পূর্ব শর্ত হলো শৃঙ্খলা।
বিজয়ের মাসে আওয়ামী লীগের এই সম্মেলনে ঐতিহাসিক একটি সভা হবে বলে আশা প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, এই সমাবেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণজাগরণ হবে।
তিনি বলেন, যেখানেই গেছি সেখানেই সমুদ্রের মতো ভিড় পেয়েছি। যেহেতু বিজয়ের মাসেই সম্মেলন, তাই এই সম্মেলনে স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিশাল হবে। তবে সম্মেলনের আয়োজন অনেকটা সাদামাটা হবে।
বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে কাদের বলেন, সবচেয়ে বেশি সঙ্কটের সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা। সামনে আরও চ্যালেঞ্জ আছে। রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। মূল্যস্ফীতি একটু কমেছে। আমাদের সবচেয়ে বড়ো শক্তি কৃষি এবং কৃষক।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে তারা নাকি রাষ্ট্রকে মেরামত করতে যাচ্ছে! গতবার ২৩ দল ছিল, এবার ৩৩ দল। বাংলাদেশে জোটের শেষ নাই। এখানে প্রগতি আর নেই। সব এক কাতারে একাকার শেখ হাসিনাকে হঠানোর জন্য।
আরও পড়ুন: এখনই অবসর নিচ্ছেন না মেসি, খেলা চালিয়ে যাবেন
তিনি বলেন, যারা ক্ষমতায় থেকে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কীভাবে রাষ্ট্রের মেরামত করবে! তারা গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। একই সঙ্গে অর্থ পাচার আর লুটপাট করেছে।
কাদের বলেন, মেরামত তো শেখ হাসিনা করেছেন। যার কারণে বাংলাদেশ এখন রোল মডেল।
সুশৃঙ্খল সম্মেলন দেখতে ও দেখাতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, আশা করি শেখ হাসিনার নেতৃত্বে সুশৃঙ্খল সম্মেলন করবো। আমরা দেখাতে চাই আওয়ামী আগামীতে দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত আছে।
একাত্তর/এসি