আওয়ামী লীগের সম্মেলনে যাননি বিএনপির নেতারা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আওয়ামী লীগের সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দিলেও বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি। আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতার কেউই যাননি।

শনিবার (২৪ ডিসেম্বর) ক্ষমতাসীন দলের সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে উদ্বোধন অনুষ্ঠানে তাদের কাউকে দেখা যায়নি।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, নেতারা পূর্বঘোষিত গণমিছিলের কর্মসূচিতে নেতৃত্ব দিতে সংশ্লিষ্ট জেলা সফরে আছেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি পালন করছে বিএনপি।

খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রামে, আবদুল মঈন খান খুলনায় এবং নজরুল ইসলাম খান কুমিল্লায় গণমিছিলের নেতৃত্ব দেন। শনিবার ঢাকায়ও বিএনপির গণমিছিলের কর্মসূচি ছিল। তবে আওয়ামী লীগের সম্মেলনের কারণে তা পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হবে।

এমরান সালেহ বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে বিএনপির নেতাকর্মীদের কোনো আগ্রহ নেই। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা গ্রেপ্তার আতঙ্কে আছে। এ অবস্থায় ক্ষমতাসীন দল সম্মেলন করছে। এই সম্মেলন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই।

আরও পড়ুন: কাদেরের হ্যাটট্রিকে আনন্দে মেতেছে নোয়াখালী

বিএনপি নেতারা না গেলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।


একাত্তর/এসি