বাজেটের শিরোনামেই ভাওতাবাজি পরিষ্কার: মির্জা ফখরুল

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে (২০২১-২২ অর্থবছর) সরকারের ‘ভাওতাবাজি পরিষ্কার’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মাঝেই এবারের বাজেটের ভাওতাবাজি পরিষ্কার। কারণ করোনা পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন গত ১৮ মাস ধরে অচল। এর মধ্যে অপরিকল্পিত লকডাউনের নামে শাটডাউনে নিম্ন ও নিম-মধ্যবিত্ত মানুষদের জীবন চূড়ান্তভাবে থমকে গেছে।

দলের চেয়ারপার্সন খালেদা জিয়া প্রসঙ্গে ফখরুল বলেন, ম্যাডামকে গতকাল বিশেষ একটি কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণ ম্যাডাম যে কেবিনে ছিলেন, সেখানে তার কোভিড-পরবর্তী কিছু প্রতিক্রিয়া হয়েছিল। ম্যাডামের রক্তে কিছুটা সংক্রমণ হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ডাক্তারদের বিচক্ষণতা ও আন্তরিকতায় তারা সংক্রমণ দূর করতে সক্ষম হয়েছেন। যেহেতু ওখানে (সিসিইউ) সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সে কারণে তাকে এখন বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এক মাস সিসিইউতে থাকার পর বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়াকে যে কেবিনে স্থানান্তর করা হয়, সেখানেও সিসিইউর বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বলে জানান ফখরুল।

আরও পড়ুন: বিএনপির সমালোচনা অন্ধ বিদ্বেষপ্রসূত: কাদের

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া গত ২৭ এপ্রিল ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে শ্বাসকষ্ট বাড়লে গত ৩ মে তাকে সিসিইউতে নেওয়া। সেখানে তার ফুসফুস থেকে পানি অপসারণ করা হয় বলে এর আগে বিএনপি পক্ষ থেকে জানানো হয়।


একাত্তর/আরএ